চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, আজাদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গে থাকা সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি বলেন, "আমরা ঘটনাস্থলে রয়েছি। কী কারণে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

