ডেইলি নিউজ মেইল

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কালীনাথ রায়ের বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন, হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছে। তারা বলেন, বিএনপি অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে।

পরে সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্রতীক নিয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।